খেলা

সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলব না: এনামুল হক বিজয়

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ১৩:০৮
PostImage

“সম্মানের জন্য ক্রিকেট খেলে এসেছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না।”


২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় নাম ওঠে এনামুল হক বিজয়ের। এর জেরে ২০২৬ বিপিএলে আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাকেও অংশ নিতে দেওয়া হয়নি।

যদিও বিপিএল না খেললেও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তার খেলার সুযোগ থাকবে—এমনটাই আগে জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর চলমান বিসিএল ওয়ানডে আসরেও তাকে খেলতে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৩ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ বিসিএল ফাইনাল চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

বিজয় বলেন, “সম্মানের জন্য ক্রিকেট খেলে এসেছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না।”

তিনি আরও দাবি করেন, সন্দেহের তালিকায় থাকলেও বিষয়টি এখন পরিষ্কার হয়েছে।

“বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে। সন্দেহের তালিকায় ছিল—এই জিনিসটা ঠিক হয়ে গেছে। এখন সব ধরনের খেলা সে খেলতে পারবে। বিসিবি যখন সুন্দর করে এই কথা বলবে, তখন আমি আবার খেলব।”

বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৭৭ ম্যাচ খেলা এই ক্রিকেটার আরও বলেন,

“যতক্ষণ পর্যন্ত না ওনারা (বিসিবির শীর্ষ কর্মকর্তারা) আমাকে সম্মান ফেরত দিচ্ছেন, সসম্মানে সবাইকে জানাচ্ছেন বিজয় অপরাধী না—ততক্ষণ খেলব না। আমি কিছু করলে প্রমাণ দেখান। যথেষ্ট হয়েছে। হয় এই ছেলে কিছু করেছে, না হয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।”

এ ঘটনায় ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন বিসিবির আনুষ্ঠানিক অবস্থানের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

এমআর//