এ দেশ একদিন মুক্ত হবে এবং এখানে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।’
বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরি করে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। এটি ইসলামের শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা বাস্তবে করে আমরা প্রমাণ করব।’
জামায়াত আমির বলেন, তাঁরা কওমিকে আলাদা করে দেখেন না। তাদের জন্য তিনি অন্তর থেকে দোয়া করেন। তিনি বলেন, ‘সংসদে তাঁদের অধিকারের পক্ষে কথা বলা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা কোনো ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা বলি না; এই কথাগুলো আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে বলি এবং ভবিষ্যতেও বলে যাব।’
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন এবং সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমান প্রমুখ।