সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৪ মার্চ) রাতে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ফেসবুক পোস্টে যা বললেন হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন:
"আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন। আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।"
তিনি আরও উল্লেখ করেন যে, মিথ্যা অপপ্রচার এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে উৎপাদিত দুর্নীতির অভিযোগগুলো শেষ পর্যন্ত স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, কোনোদিন প্রমাণিত হবে না।
পোস্টটি দেওয়ার মাত্র ১২ মিনিটের মধ্যে ৩৪ হাজারের বেশি রিয়েকশন এবং হাজারেরও বেশি মন্তব্য পড়ে। ৫ শতাধিক আইডি থেকে পোস্টটি শেয়ার করা হয়। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জনসম্মুখে উন্মুক্ত করেন।
রাজনীতি