অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাদিক কায়েম বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ এখনো ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি।
তিনি বলেন, পুলিশের কাজ অপরাধীকে গ্রেপ্তার করা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো, ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন শুরু করা।
সাদিক কায়েম আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’—এই কথা তাঁরা ভুলে যাননি।
তিনি বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই এ দেশে জুলাই বিপ্লব হয়েছিল। বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগই সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।