মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা সম্প্রতি ফোনালাপে বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। আলোচনার মূল বিষয় ছিল বেসামরিক মানুষের নিরাপত্তা, অবকাঠামোর ক্ষতি এবং ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাব।
উভয় নেতা জোর দিয়ে বলেছেন, সংঘাত দ্রুত বন্ধ করা জরুরি। তারা একমত হয়েছেন যে কেবল সামরিক উপায়ে এই সংকট সমাধান সম্ভব নয়। বরং সংশ্লিষ্ট সব পক্ষের ন্যায়সংগত স্বার্থকে সম্মান করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বের করা প্রয়োজন।
পুতিন ও বিন জায়েদ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেছেন এবং শান্তিপূর্ণ সংলাপ, মধ্যস্থতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত—উভয় দেশের মধ্যপ্রভাবকে কাজে লাগিয়ে এই ফোনালাপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।