নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ মন্তব্য করেছেন, মাফিয়াদের প্রভাব এতটাই শক্তিশালী যে তারা সরকারকেও নিয়ন্ত্রণ করতে পারে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলা অডিটরিয়ামে জাতীয় নাগরিক পার্টি-এর নেতাকর্মীদের সঙ্গে এক ‘চায়ের আড্ডায়’ তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাফিয়াদের বিরুদ্ধে কথা বলা কঠিন এবং তাদের ক্ষমতা এতটাই বেশি যে তারা যেকোনো সরকার পরিবর্তন করতেও সক্ষম। তার ভাষায়, “এখন সরকারও নিয়ন্ত্রণ করে মাফিয়ারা।”
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনার বিচার দাবি করা হচ্ছে এবং চলমান আন্দোলনের প্রতি তার সমর্থন রয়েছে। তবে শুধু একটি ঘটনার বিচার নয়, অতীতে এমন অনেক হত্যাকাণ্ড ঘটেছে যেগুলোর বিচার এখনো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
হান্নান মাসউদ বলেন, বিচার না হওয়ার মূল কারণ হলো একটি দুর্বল ও পচে যাওয়া সিস্টেম। ব্যক্তি পরিবর্তনের চেয়ে পুরো ব্যবস্থার পরিবর্তন জরুরি। তিনি দাবি করেন, সিস্টেম পরিবর্তন করা গেলে স্বাভাবিকভাবেই অনেক সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।
তিনি আরও বলেন, বিদ্যমান কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যে শুধু প্রতিবাদ করে পরিবর্তন আনা সম্ভব নয়; বরং দুর্নীতি বন্ধ করে পুরো ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতে হবে। এ সময় দলটির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।