ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্যই তারা পদক্ষেপ নিচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ইরান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতেও কারও ওপর হামলার ইচ্ছা নেই।”
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবাধিকার প্রশ্নে দ্বৈত মানদণ্ডের উদাহরণ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ইরানের পদক্ষেপ সম্পূর্ণ বৈধ আত্মরক্ষার অংশ।
তার ভাষায়, “যেমন একজন ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি রাষ্ট্রও নিজের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নিতে পারে।” মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই অবস্থান পরিস্থিতি শান্ত করার আহ্বান হিসেবেই দেখা হচ্ছে।