আন্তর্জাতিক

চিকিৎসা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা ভারতের

detaillogo
ডেস্ক নিউজ
২৪ এপ্রিল ২০২৬, ১৩:১৩
PostImage

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।


ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসাখাতের সক্ষমতা বাড়াতে ভারত যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী। দুই দেশের সহযোগিতা শুধু সরকার পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করে জনকেন্দ্রিক অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে।

এ সময় মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারিখাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়োজকরা জানান, নতুন এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন সুবিধা এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন। প্রণয় ভার্মা বলেন, উন্নত চিকিৎসা দক্ষতা ও স্বাস্থ্যসেবায় ভারত বিশ্বজুড়ে স্বীকৃত। এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন পথ খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত চিকিৎসা ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সীমিত করা হয়, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।