সারা দেশে বজ্রপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে দেশের বিভিন্ন জেলায় পৃথক এসব ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
জানা যায়, গাইবান্ধার তিন উপজেলায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, বগুড়ায় একজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, পঞ্চগড়ে একজন চা শ্রমিক এবং জামালপুরে দুইজন নিহত হয়েছেন।
গাইবান্ধায়
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এছাড়া সাঘাটা উপজেলায় একজন এবং ফুলছড়ি উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জে
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো রোববার বিকেলে ঘটে।
জামালপুরে
জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্না করার সময় বজ্রাঘাতে মর্জিনা (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় পাশের বাড়ির শেফালী নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাটোরে
নাটোরের সিংড়া উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে সম্রাট ফকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট ফকির সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডোলা গ্রামের বাসিন্দা।
বগুড়ায়
বগুড়ার গাবতলী উপজেলায় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল পৌনে ৪টার দিকে সোনারায় ইউনিয়নের মুচিখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে নারী-পুরুষসহ দুইজনের মৃত্যু হয়েছে।