আন্তর্জাতিক

হজের নিয়ম ভাঙলে কঠোর শাস্তি ঘোষণা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

detaillogo
ধর্ম ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১৪:৪৩
PostImage

হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের অবৈধভাবে হজ পালনের উদ্দেশ্যে আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। ওকাজ পত্রিকার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানায়, কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান বা অন্য যেকোনো স্থানে এ ধরনের ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়, শুধু আশ্রয়দাতাই নয়—যারা অবৈধভাবে অবস্থানকারীদের তথ্য গোপন করবেন বা তাদের মক্কাসহ পবিত্র স্থানগুলোতে অবস্থানের জন্য সহায়তা করবেন, তারাও শাস্তির আওতায় পড়বেন।


ঘোষণায় উল্লেখ করা হয়, হজ মৌসুমের শুরু অর্থাৎ জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই কঠোর নিয়ম কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

হজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মন্ত্রণালয় সবাইকে নিয়ম মেনে চলার এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হতে হতে পারে।