বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি ছিল ভুল। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তিনি এ মন্তব্য করেন। ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, এমন বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা খেলোয়াড় ও সমর্থকদের জন্য হতাশাজনক। তার ভাষায়, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপে আমাদের দলকে খেলতে দেখতে ভালোবাসি।’
এদিকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার। তার মতে, নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে শুরু করেছে এবং দলগত পারফরম্যান্স আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাকিব বলেন, সাম্প্রতিক সময়ে দল নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলছে এবং ধারাবাহিক সাফল্য পাচ্ছে। তিনি মনে করেন, আগে ব্যক্তিগত পারফরম্যান্সে দল নির্ভরশীল থাকলেও এখন পুরো দল একসঙ্গে ভালো খেলছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক। তিনি আরও বলেন, দলে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি শক্তিশালী কাঠামো তৈরি হচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।