গত কয়েকদিন ধরে রাজধানীতে টানা বৃষ্টির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে বাড়তি দামে নাভিশ্বাস তুলছেন ক্রেতারা।
শুক্রবার (১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে বেশিরভাগ বিক্রেতা ৮০০ টাকার নিচে বিক্রি করছেন না। অন্যদিকে ব্রয়লার মুরগি কেজিতে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর খিলক্ষেত বাজার-এ মাংস কিনতে আসা এক ক্রেতা জানান, তেলের দাম ও পরিবহন খরচ বাড়ায় মাংসের দাম কমার সম্ভাবনা কম। সামনে কোরবানির ঈদ থাকায় ব্যবসায়ীরা আগেভাগেই দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
মুরগির বাজারেও একই চিত্র। কয়েকদিন আগেও ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে। মাছের বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। পাঙাশ ২২০-২৬০ টাকা, তেলাপিয়া ২৩০, পাবদা ৩৮০, রুই ৩২০-৩৬০, কাতল ৪০০ এবং টেংরা ৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ মাছের দাম কেজিতে ১,৫০০ থেকে ১,৬০০ টাকা পর্যন্ত উঠেছে।
সবজির বাজারেও ঊর্ধ্বগতি স্পষ্ট। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আলু ২০-২৫ টাকা হলেও অন্যান্য সবজির মধ্যে টমেটো ৬০, করলা ৬০-৬৫, পটল ৬০, গাজর ৮০, শসা ১০০-১১০, বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।