নেত্রকোনা জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে মানববন্ধন শেষে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং সংগঠনের কর্মী সাব্বির।
পুলিশ ও ভিডিও সূত্রে জানা যায়, ভোরে জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন, যার মধ্যে ছিল মার্কিন চুক্তি বাতিল, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবাদ এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি।
কর্মসূচি শেষে তারা বকুলতলা এলাকায় একত্রিত হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সরকার জানান, দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজনীতি