স্বপ্নের মতো সময় পার করছেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই ডানহাতি পেসার। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে ওমানের যতীন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরার মুকুট ওঠে নাহিদের মাথায়।
বাংলাদেশের চতুর্থ পুরুষ ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করলেন নাহিদ রানা। এর আগে এই পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে আগুনঝরা বোলিং করেন নাহিদ। পুরো সিরিজে তিনি তুলে নেন ৮ উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ সাফল্য পায়।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ১ উইকেট নিতে খরচ করেছিলেন ৬৫ রান। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপে ধস নামান। সেই ম্যাচে মাত্র ৩২ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। এরপর চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আরও ২ উইকেট নেন তিনি।
পুরো সিরিজে নাহিদের বোলিং গড় ছিল ১৬ দশমিক ৭৫ এবং ইকোনমি রেট ছিল ৪ দশমিক ৪৬। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
বিশেষ এই অর্জনের পর নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলতে পারা এবং মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া তার জন্য দারুণ অনুভূতির। তিনি দলের সতীর্থ ও কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও দেশের জয়ে অবদান রাখতে চান বলে জানান।