রাজনীতি

বিএনপির নেতাকর্মীরা আ.লীগের মতো মিডিয়া নিয়ন্ত্রণ করছে: সারজিস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১৬:২০
PostImage

আওয়ামী লীগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীরাও মিডিয়া নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন সারজিস আলম।


আওয়ামী লীগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীরাও মিডিয়া নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন সারজিস আলম। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, দেশের মানুষ অতীতে বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বে রাজনীতি দেখেছে। এখনো সেই একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হচ্ছে।

সারজিস আলম অভিযোগ করে বলেন, আগে আওয়ামী লীগের সময়ে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হতো, এখন একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। দলীয় লোকজন দিয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া জায়গাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।


তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই সমস্যাগুলো এখনো পুরোপুরি বন্ধ হয়নি। যদি বিএনপির নেতাকর্মীদের মাধ্যমেও এসব চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শঙ্কা তৈরি হবে। এনসিপি নেতা সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে বিএনপিকে পঞ্চাশ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তার মানে এখনও অর্ধেক মানুষ আছে যারা বিএনপিকে ভোট দেয়নি। যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা তিন মাস যেতে না যেতেই এখনই বিএনপির ওপর হতাশ হয়ে গেছে। তারা মনে করছে বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপির প্রতারণা মনে রেখে আগামী স্থানীয় নির্বাচনে ভোট দিতে হবে।


যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ ও এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।