আন্তর্জাতিক

সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনে অভিযান, বাতিল ৭ হাজারের বেশি ওয়ার্ক ভিসা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৬, ১৬:৫১
PostImage

সৌদি আরব জুড়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হাজার হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির প্রশাসন।


সৌদি আরব জুড়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হাজার হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির প্রশাসন। অভিযানে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন সরকারি সেবাও স্থগিত করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যবেক্ষক দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা তদন্ত করা হয়। এতে অবৈধ কর্মসংস্থানসংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি অনিয়ম শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অনিয়ম ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’ থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কর্মীদের বৈধ চাকরির সুযোগ পেতে মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এর সহায়তায় পাঠানো হয়েছে।


মন্ত্রণালয় আরও জানায়, ২০২৬ সালের প্রথম তিন মাসে বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ সরেজমিন পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রায় ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা পাঠানো হয়েছে। একই সময়ে নিয়োগ সংস্থাগুলোর বিরুদ্ধে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ডিজিটাল নজরদারির অংশ হিসেবে অবৈধ গৃহশ্রম পরিষেবার প্রচারে জড়িত ২৩৮টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার মামলায় স্বতঃপ্রণোদিত পরিদর্শন চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।


মন্ত্রণালয় জানায়, সাধারণ মানুষের অভিযোগ ও তথ্যও এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের দেওয়া ১৫ হাজার ৫৬৩টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং প্রায় ৯৭ শতাংশ অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যেই সমাধান করা হয়েছে।