আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা

detaillogo
ডেস্ক নিউজ
১৭ মে ২০২৬, ১৫:৫২
PostImage

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে।


বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে থেকে শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৭ মে বুধবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।


রোববার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়ার ৮৮টি স্থানে চাঁদ পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, নতুন চাঁদের অবস্থান নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। ফলে জিলহজ মাস শুরুর বিষয়ে আর কোনো বাধা থাকেনি।


চাঁদ দেখার বৈঠকে আলেম-ওলামা, জ্যোতির্বিজ্ঞানী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পাওয়া তথ্য ধর্ম মন্ত্রণালয়ের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়। উল্লেখ্য, হিজরি মাস নির্ধারণে চাঁদের উচ্চতা ও কৌণিক দূরত্বের নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে ইন্দোনেশিয়া। এবারও সেই নিয়ম মেনেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে।