রাজনীতি

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ১৩:২০
PostImage

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।


১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬২ সালে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ডাকসুর ভিপি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক শেখ মুজিবুর রহমান-সহ সব আসামি মুক্তি পান। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ঘোষণাও দেন তোফায়েল আহমেদ।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর চার প্রধানের একজন হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব নিযুক্ত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নী একজন চিকিৎসক। তার জামাতা ডা. তৌহিদুজ্জামানও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত।


আরও পড়ুন