ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে অপসারণ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেছেন, খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১ জুন) ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
আরিফ হোসেন খান বলেন, “রাস্তার আন্দোলনের কারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। চেয়ারম্যান নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তার অবস্থানে অনড় রয়েছে।” এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগের প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে আন্দোলনকারীরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “ব্যাংকের কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি এবং পরিস্থিতি স্বাভাবিক করেছি।” উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।