দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পেয়ে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গভীর রাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন তিনি।
রাত সাড়ে ১২টার দিকে দেওভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটির’-এ পৌঁছান আইভী। এ সময় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তারের পর হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরে ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন লাভ করেন তিনি। সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত হন আইভী।
মুক্তির পর তিনি সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, যেসব নিরপরাধ ব্যক্তি এখনও কারাগারে রয়েছেন, তাদের প্রতিও সরকার মানবিক ও সদয় হবে বলে তিনি আশা করেন।
রাজনীতি