রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকে মারধরের অভিযোগ যুবদল কর্মীদের বিরুদ্ধে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬, ১৪:৩৭
PostImage

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উপস্থিতিতে তার অনুসারীরা এ হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূঁইয়া ও কয়েকজন যুবদল কর্মীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার ঠোঁট ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার পোশাক ছিঁড়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।


হামলার শিকার অকিল উদ্দিন ভূঁইয়া দাবি করেন, উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান রনির সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। তবে সিনিয়র নেতারা বিষয়টি মীমাংসা করে দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একসঙ্গে নিচে নামার সময় রনির অনুসারীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার কর্মীকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলের একজন সিনিয়র নেতার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “বিএনপি সন্ত্রাসীদের দল নয়। দলে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান নেই এবং কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।”

আরও পড়ুন