সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্রত্যন্ত অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে পড়লে পানি সংকট ও চরম তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
নাইজারের আগাদেজ গভর্নর অফিস জানিয়েছে, নিহতরা একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। পথে আলজেরিয়া সীমান্তসংলগ্ন ‘আসামাকা’ সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, চালক ও তার সহকারীদের সঙ্গে যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করলেও দুর্গম মরুভূমি ও প্রতিকূল পরিবেশের কারণে তা সম্ভব হয়নি। আশপাশে কোনো পানির উৎস বা জনবসতি না থাকায় যাত্রীরা দীর্ঘ সময় মরুভূমিতে আটকা পড়ে থাকেন।
তীব্র গরম, পানির অভাব এবং চরম তৃষ্ণার কারণে একে একে ৪৯ জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো মরুভূমির বুকেই গণকবরে দাফন করা হয়েছে।
তবে এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান দুই যাত্রী। তারা জীবন বাঁচাতে মরুভূমির মধ্য দিয়ে ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে একটি পানির উৎস খুঁজে পান। পরে সেখান থেকে তারা আসামাকা সীমান্ত চৌকিতে পৌঁছে স্থানীয় প্রশাসনকে পুরো ঘটনার বিষয়ে অবহিত করেন।
উল্লেখ্য, সাহারা মরুভূমির এই দুর্গম অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপগামী অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত। প্রতি বছরই তীব্র গরম, পানির সংকট এবং খাদ্যাভাবের কারণে এ অঞ্চলে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।