জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ১০:৪১
PostImage

ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে




দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর—এই ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, এ সময় বিভিন্ন স্থানে সমাবেশ, মিছিল কিংবা অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষাপটে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা-উপজেলা শহরে গত কয়েকদিন ধরে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন