২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ইতিবাচক ব্যাটিং করেন। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত ব্যবধানই কেবল কমাতে পেরেছে তারা। নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানেই থামে তাদের ইনিংস।
চোখ ধাঁধানো ইনিংস খেলেন ওপেনার ব্রায়ান বেনেট। ৫৯ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেমে যান এই ব্যাটার।
অন্যদের মধ্যে মারুমানি ২০, ডিওন মায়ার্স ৬, অধিনায়ক সিকান্দার রাজা ২১ বলে ৩১, রায়ান বার্ল রানশূন্য, টনি মুনয়োঙ্গা ১১, মুসেকিয়া ৭ ও ব্র্যাড ইভান্স ১ রান করেন।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অর্শদিপ সিং।
চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রান করে আউট হন স্যাঞ্জু স্যামসন। পাওয়ার প্লেতে আসে ৮০ রান।
দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে তোলেন ইষাণ কিষাণ ও অভিষেক শর্মা। ২৪ বলে ৩৮ রান করেন ইষাণ। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেওয়া অভিষেক ৩০ বলে ৫৫ রান করেন (৪ চার, ৪ ছক্কা)।
দলনেতা সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করে দ্রুত বিদায় নিলেও শেষদিকে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। পঞ্চম উইকেটে মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা।
হার্দিক ২৩ বলে ৫০ রান (২ চার, ৪ ছক্কা) এবং তিলক ১৬ বলে ৪৪ রান (৩ চার, ৪ ছক্কা) করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে ভারত।
জিম্বাবুয়ের হয়ে চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল ভারত, আর বিদায় নিতে হলো জিম্বাবুয়েকে।
এমআর/