জাতীয়

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

detaillogo
ডেস্ক নিউজ
০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯
PostImage

বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে অধিবেশনের প্রথম বৈঠক বসবে।


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে অধিবেশনের প্রথম বৈঠক বসবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। গতকাল রোববার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সময়ের দিক থেকে সংক্ষিপ্ত হলেও সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ চলমান রাজনৈতিক ইস্যুতে অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।


গতকাল অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠকের কার্যক্রম শুরু হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কমিটির সদস্যরা অংশ নেন।


বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংসদ অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চলবে বলে কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের সময় বাড়াতে বা কমাতে পারবেন। তিনি আরও বলেন, এই অধিবেশনের জন্য তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। এ ছাড়া আরও দু-একটি বিল আসতে পারে।


জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতিবছর জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ সংসদের পঞ্চম অধিবেশন বসতে পারে।


সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে ছয়টি সরকারি বিল উত্থাপন ও আলোচনা হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি বিল পাসের সম্ভাবনা রয়েছে। এসব বিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা তিনটি অধ্যাদেশও থাকতে পারে। অধ্যাদেশগুলো বিল আকারে পাস করে আইনে পরিণত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া রাষ্ট্রপতির জারি করা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।