জাতীয়

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ১২:২৬
PostImage

নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল এ বৈঠক শুরু করে।


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল এ বৈঠক শুরু করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


এর আগে সোমবার এ বিষয়ে ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ সচিবকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।


রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সাথে সানুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। এ বিষয়ে মাননীয় স্পিকার মহোদয় কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিশেষ অনুরোধ করা হলো।

আরও পড়ুন