মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে দেশের আরও দুই জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে আরও ছয় কর্মকর্তাকে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
তিন জেলায় নতুন পুলিশ সুপার
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফলজে এলাহীকে মাদারীপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
আরও কর্মকর্তাকে বদলি
অন্য একটি প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনার পদেও রদবদল
অন্য আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।