আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: মৃত ৮০০ ছাড়িয়েছে, নিখোঁজ ৩ হাজারের বেশি

detaillogo
ডেস্ক নিউজ
৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৩
PostImage

আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ষষ্ঠ দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান।


নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ষষ্ঠ দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৮০০ ছাড়িয়েছে। এখনো তিন হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তালিকায় বিদেশি নাগরিকও রয়েছেন।


এদিকে নেপালের ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎকেন্দ্রে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে একটি সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে। দুর্গম পরিস্থিতির মধ্যেও তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। চীনের তিব্বত অঞ্চলে সরকারি হিসাবে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।


রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তিব্বতে নিখোঁজ ২৬১ জন বিদেশির মধ্যে শতাধিক নেপালি নাগরিক রয়েছেন। নিখোঁজদের মধ্যে এক ডজনের বেশি দেশের কয়েক শ মানুষ রয়েছেন। তাদের কেউ তিব্বতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন, কেউ পাহাড়ে ভ্রমণে এবং কেউ পবিত্র একটি শৃঙ্গে তীর্থযাত্রার জন্য সেখানে অবস্থান করছিলেন।


এদিকে নেপালের ভোতেকোশি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তাসংস্থা এপির বরাতে জানা গেছে, রোববার স্থানীয় মানুষের মোবাইল ফোনে বন্যার সতর্কবার্তা পাঠানো হয়।


একই সময়ে উদ্ধারকারী দল ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একটি এলাকার সঙ্গে রাজধানী কাঠমান্ডুর যোগাযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছিল। ভয়াবহ এই দুর্যোগের পর দুর্গম এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা, নিখোঁজদের সন্ধান এবং যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের কাজ একযোগে চলছে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান