নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের প্রত্যাশিত কুদুর মার্কেট থেকে হারিন্দা গাবতলী এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নত আলী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, ইউপি সদস্য মামুন ভুঁইয়া, মোবারক হোসেন, একে বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকালে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্রচেষ্টায় রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। গত ছয় মাসে ইউনিয়নের প্রায় ২৫টি সড়কের নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের প্রত্যাশিত কুদুর মার্কেট থেকে হারিন্দা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, সড়কটি নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৯২ লাখ টাকা। সিসি ঢালাইসহ সড়কটি পাকা ও মজবুতভাবে নির্মাণ করা হবে। সড়কটি নির্মাণ হলে আশপাশের পাঁচ গ্রামের প্রায় ১৪ হাজার মানুষের চলাচলের দুর্ভোগ দূর হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানি ও চলাচলের নানা সমস্যার কারণে স্থানীয়দের যে ভোগান্তি পোহাতে হয়, সড়কটি নির্মাণের পর তা অনেকটাই কমে আসবে।
নুরুন্নবী ভুঁইয়া আরও বলেন, সড়কটির আশপাশে একটি উচ্চ বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একাধিক মাদ্রাসা ও কিন্ডারগার্টেন রয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দাদের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নের সব সড়কের সংস্কার, মেরামত ও প্রয়োজনীয় নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কার্যক্রম শুরু করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, কুদুর মার্কেট-হারিন্দা সড়ক নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় হবে। সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ওই এলাকার প্রায় ১৪ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগও লাঘব হবে।
সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। সড়কটি নির্মাণ শেষ হলে পাঁচ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
ক্যাপশন: ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে রূপগঞ্জে কুদুর মার্কেট-হারিন্দা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি প্রশাসক নুরুন্নবী ভুঁইয়া।