আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

detaillogo
ডেস্ক নিউজ
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
PostImage

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।


ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।


রণধীর জয়সওয়াল বলেন, ‘আমার কাছে কোনো আপডেট নেই।’ ফলে আপাতত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ কিংবা নয়াদিল্লি সফর নিশ্চিত হয়নি। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

তবে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জয়সওয়াল। ঢাকায় সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।


আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ১৮তম ব্রিকস সম্মেলন। এতে ব্রিকসের ১১ সদস্য দেশের নেতাদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।


বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে পৃথকভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানায় নয়াদিল্লি।


তবে সম্মেলন ঘনিয়ে এলেও তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কি না, কিংবা তার পরিবর্তে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কেউ প্রতিনিধিত্ব করবেন কি না—এ বিষয়ে এখনও স্পষ্টতা পাওয়া যায়নি। বাংলাদেশের পক্ষ থেকেও তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।