শিক্ষা

ভঙ্গুর শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

detaillogo
ডেস্ক নিউজ
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭
PostImage

বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।


ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি নানা ধরনের শিক্ষা ব্যবস্থাকে একত্রিত করে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, ভোকেশনাল ও কারিগরি শিক্ষা ব্যবস্থার ওপর আরও জোর দিতে হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তিনি বলেন, ‘আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন—সবকিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।’


সাক্ষাৎকালে প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের ক্ষেত্রে জাতীয় প্রয়োজন, বিষয়ভিত্তিক চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।


এপিইউবি প্রতিনিধি দলের সদস্যরা যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি, গবেষণা, পেটেন্ট ও বাণিজ্যিকীকরণের পূর্ণ সুযোগ দেওয়ার দাবি জানান। পাশাপাশি শিল্প-সংযুক্ত পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ, বিদেশি ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রত্যেক গ্র্যাজুয়েটকে কর্মসংস্থান উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।


এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সহায়ক ও উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলা এবং একটি সমন্বিত জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিও জানান প্রতিনিধি দলের সদস্যরা।


সাক্ষাৎকালে এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।