চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এসব ট্রেন ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার বেগে চলতে পারে। বাংলাদেশের জন্য গতি কিছুটা কম হলেও চলবে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন কোনো নজির নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা সবাই একসঙ্গে পালিয়েছে, এমন নজিরও নেই। এটিই প্রথম নজির। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চিন্তা করছেন, তাদের সেই আশা দুরাশা। বরং নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করা দরকার।
দেশের বিমানবন্দর প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহ ছাড়া দেশের সাত বিভাগে বিমানবন্দর রয়েছে। বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু আছে। এর মধ্যে কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তিনি বলেন, সামনে দেশের বহরে আরও অনেক এয়ারক্রাফট যুক্ত হবে। আগামী ১০ বছরের মধ্যে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিমানমন্ত্রী জানান, শেরপুরের পর্যটনের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশসহ অন্যরা।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সার্কিট হাউস মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।