জাতীয়

বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়তে পারে তাপমাত্রা, ভ্যাপসা গরমের পূর্বাভাস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১
PostImage

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে।


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার দেশের আটটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা আরও বাড়তে পারে।


গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে, ৬৬ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৪ মিলিমিটার।


আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যার আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।



আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।