জাতীয়

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র: প্রতিমন্ত্রী টুকু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫
PostImage

ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর দাবি, এর মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোথাও মাদকের ফ্যাক্টরি নাই। এগুলো এলো কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয় এবং দিচ্ছে। যাতে বাংলাদেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে।’


দেশ গড়তে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কি আমাদের দেশ গড়ব, নাকি ধ্বংসের দিকে নিয়ে যাব? আমাদের প্রধানমন্ত্রী যে স্পিড ধারণ করেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’ মাদকের ভয়াবহতা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বর্তমানে মাদকের অবস্থা ভয়াবহ। কোনো কোনো এলাকায় ২৩ শতাংশ। আমরা যদি এখন মাদকের লাগাম টেনে না ধরি, সচেতন না হই, একসময় এ দেশ ভেঙে যাবে।’


তিনি আরও বলেন, ‘আজকের উপস্থিত ছাত্রছাত্রীরা বড় হয়ে এ সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। আজকের সন্তানরা দেশ গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত না করলে দেশ এগোবে কীভাবে? আর যদি ছাত্ররা নিজেদের ধ্বংস করে মাদকের দিকে ধাবিত হয়, তাহলে দেশ ঠিক থাকবে কি?’


মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঐশী পুলিশ কর্মকর্তার মেয়ে ছিলেন। মাদকে আসক্ত হয়ে তার বাবা-মাকে মেরে ফেলেছেন। এ জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কোনোভাবেই মাদককে বাড়ানো যাবে না।’


ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বাড়ির পাশে ডাবের খোসা, পানির পাত্রসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে থাকলে কয়েকদিন পর সেখানে ডেঙ্গুর মশা তৈরি হতে পারে। এসব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। সচেতন হওয়া ছাড়া ডেঙ্গু প্রতিরোধের কোনো বিকল্প নেই।’


সমাবেশে রাজনৈতিক বক্তব্যও দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘ফ্যাসিস্ট সরকার এমন কোনো জঘন্য কাজ নেই, যে ১৭ বছরে সেটা তারা করে নাই।’ তিনি আরও বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডের কারণে মানুষ আপনাদের বিতাড়িত করেছে। আগে আপনাদের অনুশোচনা হতে হবে, যে আমরা ভুল করেছি। কাজেই এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে হবে।’


ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।


এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিতসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।