দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ সহযোগিতা চাওয়া হয়। এ সময় অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরা হয়।
ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। পাশাপাশি সংক্ষিপ্ত আলাপকালে ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান তারা।
আলোচনায় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন ড. আবদুল মঈন খান ও হুমায়ুন কবির। এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তারা।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।