আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতর-এর প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত কার্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।
প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেমের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হবে। কোরআন তিলাওয়াতের জন্য তিনজন ক্বারী ও উপস্থাপকের তালিকাও পাঠানো হবে। সেখান থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক চূড়ান্ত করা হবে। সকাল সাড়ে ৭টা থেকে হামদ, নাত ও ইসলামী গজল পরিবেশন করা হবে।
নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
জাতীয় ঈদগাহের দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা রাখা হবে।
মাঠ সমতলকরণ, ঘাস কাটা ও প্যান্ডেল নির্মাণ (বৃষ্টির জন্য ত্রিপলসহ) অজু ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা
মোবাইল টয়লেট স্থাপন
অতিরিক্ত বৃষ্টি হলে পানি সরাতে গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসা ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করবে
বিশেষ মেডিকেল টিম মোতায়েন থাকবে
নিরাপত্তা ব্যবস্থা
পুলিশ, র্যাব, এসএসএফ ও গোয়েন্দা সংস্থার নিশ্ছিদ্র নিরাপত্তা, প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে, ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন, সিটি এসবির ভেটিং সাপেক্ষে বাংলাদেশ স্কাউটদের দায়িত্ব প্রদান
প্রথম কাতার আগের বছরের মতো দীর্ঘ রাখা হবে, যাতে ভিআইপিরা প্রথম কাতারে দাঁড়াতে পারেন। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের জন্য সংরক্ষিত স্থান থাকবে এবং তাদের অভ্যর্থনায় জেলা প্রশাসনের নারী কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন
রাজধানীর প্রধান সড়ক ও সড়কদ্বীপে ‘ঈদ মোবারক’ ব্যানার
বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জা
হাসপাতাল, কারাগার, শিশুসদন, বৃদ্ধাশ্রম ও দুস্থকল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকার শিশুপার্ক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা-এ বিনামূল্যে প্রবেশ
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এ বিশেষ অনুষ্ঠানমালা
বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন
সার্বিকভাবে, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমআর