রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর এবার মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি আলিফ এন্টারপ্রাইজের স্টাফ বাস।
বাড্ডা থানার এসআই হাসানুল বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বর এবং সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।