হেমন্তে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে বাজারদরে স্বস্তি নেই ক্রেতাদের। নিত্যদিনের রান্নার সবজি কিনতে এখনও বাড়তি টাকা গুনতে হচ্ছে। শিম, বেগুন ও টমেটোর মতো কয়েক ধরনের সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দরে। বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম তুলনামূলক বেশি থাকে। সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমে আসতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান, কালাচাঁদপুর ও কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, শিম ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা এবং গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকায়। দেশি শসার কেজি ১০০ থেকে ১১০ টাকা। ফলে কয়েক ধরনের সবজি কিনতেই কেজিপ্রতি ১০০ টাকা বা তার বেশি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।
অন্যদিকে, সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে প্রতি কেজি করলা ৮০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা। কচুর মুখি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।
কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা আতিক হোসেন বলেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম সাধারণত বেশি থাকে। এ সময় বাজারে সরবরাহও তুলনামূলক কম থাকে। তবে নতুন সবজির সরবরাহ বাড়লে দাম ধীরে ধীরে কমতে পারে।
জোয়ার সাহারা বাজারের বিক্রেতা সজিব হোসেন জানান, সরবরাহ বাড়ায় দাম কমেছে এবং ক্রেতার সংখ্যাও বেড়েছে। আগে পাইকারি বাজার থেকে বেশির ভাগ সবজি বেশি দামে কিনতে হতো। ফলে খুচরা বাজারেও ১০০ টাকার বেশি দামে বিক্রি করতে হয়েছে। তবে শীতের আগাম সবজি আসতে থাকায় অনেক পণ্যের দাম এখন ৭০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।
তবে বেগুন, শিম ও টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে থাকায় বাজার করতে গিয়ে বাড়তি ব্যয়ের মুখে পড়ছেন ক্রেতারা।
কালাচাঁদপুরে সবজি কিনতে আসা মারুফ আল-আমিন বলেন, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম আগের তুলনায় কিছুটা কমেছে। তবে এখনও কিছু পণ্যের জন্য ১০০ টাকার বেশি খরচ করতে হচ্ছে। টমেটো দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ হলেও দাম বেশি হওয়ায় কেনাকাটা সীমিত করতে হচ্ছে। একইভাবে শসা ও গাজরও বেশি দামে কিনতে হচ্ছে।
একই বাজারের ক্রেতা শিউলি আক্তার বলেন, সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমলেও নিম্নআয়ের পরিবারের জন্য তা যথেষ্ট নয়। শিম কিনতে এখনও কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা এবং টমেটোর জন্য ১৫০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এ ছাড়া শসা ও গাজরের দামও বেশি। ফলে তুলনামূলক কম দামের সবজি কিনেই সংসারের খরচ সামলাতে হচ্ছে।