রাজনীতি

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: শফিকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ১৭:৩১
PostImage

আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের কারণে জনগণের সমর্থন হারানোর আশঙ্কা থেকে বাকশাল ও রক্ষীবাহিনী গঠন করেছিল।


আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিস্টদের একটি ক্লাব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দলটি বিভিন্ন কায়দায় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গিয়ে হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে জামায়াতে ইসলামী।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি ও নারীদের সম্ভ্রমহানির অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, ওই সময়ে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল।


জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের কারণে জনগণের সমর্থন হারানোর আশঙ্কা থেকে বাকশাল ও রক্ষীবাহিনী গঠন করেছিল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে বিদায় নিতে পারেনি। ধিকৃত, লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে। সে রাস্তা এখন অন্য কেউ অবলম্বন করতে চাইলে তাদের পরিণতিও ভিন্ন হবে না। এ দেশ কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না।’


জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘এর পরিণাম তাদের (আওয়ামী লীগ) ভোগ করতে হবে। এ বিচারের শেষ দেখে ছাড়বে জামায়াত।’


২০০৬ সালে চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি-বৈঠা হাতে ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, রাজধানীর রাস্তায় লগি-বৈঠা নিয়ে আসার উদ্দেশ্য ছিল মানুষকে পিটিয়ে হত্যা করা। এ ঘটনায় আওয়ামী লীগের সহযোগী হিসেবে বামপন্থী দলগুলোরও ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।

ফ্যাসিবাদীদের কেউ কেউ আশকারা দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না। এ সাপই ছোবল দিয়ে শেষ করে দেবে।’

আরও পড়ুন