চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল জানতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অনলাইনে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। এ জন্য ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর। সব তথ্যের মাঝে একটি করে স্পেস দিয়ে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না। ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।