তৈরি পোশাক কারখানার উৎপাদন সচল রাখা এবং সামগ্রিক জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার রাজনৈতিকভাবে এ পরিস্থিতি মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন ও পোশাক খাতের অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার সন্ধ্যার পর সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বেলা ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েক ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য আনুষ্ঠানিকভাবে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন। তবে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির নাম চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হয়।