শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি। এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়–এর নির্দেশনায় কোয়ান্টাম ফাউন্ডেশন প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের মাধ্যমে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করতে হবে।
নির্দেশনার মূল বিষয়গুলো
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করতে হবে।
প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ভেন্যুতে এই প্রশিক্ষণ বিনামূল্যে বাস্তবায়ন করবে।
প্রতিষ্ঠান প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত প্রশিক্ষকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একদিনের প্রশিক্ষণের আয়োজন করবেন।
প্রশিক্ষণ শেষে নিয়মিত অনুশীলন নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠন করতে হবে।
ম্যানুয়ালে বর্ণিত নির্দেশনা অনুযায়ী কাউন্সেলিংসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
মনিটরিং পুলের কার্যক্রম নির্ধারিত গাইডলাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
প্রয়োজন হলে শিক্ষার্থীদের অভিভাবকদেরও প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করা যাবে।
সংশ্লিষ্ট অঞ্চল, জেলা, থানা বা উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
মাউশি জানিয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোয়ান্টাম ফাউন্ডেশন–এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
এমআর/