শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ–এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তিনি নিজেও মাঠ পর্যায়ে তদারকি করবেন।
সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সব শিক্ষার্থীর জন্য একই মানদণ্ড থাকা উচিত এবং আগামী বছর থেকে এ বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে তিন স্তরের স্ক্রিনিং পদ্ধতি চালুর কথাও জানান তিনি।