বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মো. মোস্তাকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংক–এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তারা বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন এবং চলমান প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)–এর ডিরেক্টর ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও **ড. মো. কবির আহমেদ**সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় গভর্নর মোস্তাকুর রহমান চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান জানান।
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
এমআর//