মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আলটিমেটাম দেন।
পোস্টে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় সতর্ক করে বলেন, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ একসঙ্গে পালিত হবে—যা আগে কখনো দেখা যায়নি। এর মাধ্যমে তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন বলে বিশ্লেষকদের ধারণা। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রণালি উন্মুক্ত না করলে ইরানকে “নরকে পরিণত করা হবে।” পোস্টের শেষ দিকে বিদ্রূপাত্মক ভঙ্গিতে ধর্মীয় শব্দ ব্যবহার করায় তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো অচলাবস্থা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও ট্রাম্পের এই সরাসরি সামরিক হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।