অর্থনীতি

সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা: অর্থমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১১:৩২
PostImage

দেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


দেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে এ অর্জন হয়েছে।


সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি এবং স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


তিনি আরও বলেন, মাথাপিছু আয় বাড়াতে সরকার কোনো একক খাতের ওপর নির্ভর না করে বহুমুখী কৌশল গ্রহণ করেছে। কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাস আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা—সব ক্ষেত্রেই একযোগে গুরুত্ব দেওয়া হচ্ছে।


মন্ত্রী জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমাতে উৎপাদন, নির্মাণ, সেবা, তথ্যপ্রযুক্তি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতে কাজের সুযোগ বাড়ানো হচ্ছে। এর ফলে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে মাথাপিছু আয় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।