বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে একই দিনে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করার নির্দেশ দেন।
রিটের পক্ষে শুনানি করা আইনজীবী হুমায়ুন কবির বুলবুল জানান, আদালত একই সঙ্গে গত ২৫ মার্চ জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিত করেছিলেন। পরে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করে দিলে পরীক্ষা গ্রহণের পথ আবারও উন্মুক্ত হয়।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রধান ও সহকারী প্রধান নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। তবে পরবর্তীতে অভিজ্ঞতার শর্ত ১০-১৫ বছর থেকে বাড়িয়ে ১৮ বছর করায় অনেক আবেদনকারী অযোগ্য হয়ে পড়েন।
এই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন। আদালত এ বিষয়ে চার সপ্তাহের রুলও জারি করেছিলেন।