নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের পরিচয়ে একটি প্রাইভেটকার থামিয়ে সৌদি প্রবাসীর কাছ থেকে ১৭ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হিমু আক্তার পরিবারসহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাড়িতে যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন।
হিমু আক্তার জানান, পুলিশের পরিচয়ে পাঁচজনের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় হামলায় তিনি ও তার ভাই আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা একটি সাদা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মামলা করতে গেলে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।