নরসিংদী সদর উপজেলার আলোকবালী চরাঞ্চলে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে রিফাত (২২) নামে এক বিএনপি কর্মীকে অপহরণ করে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মুরাদনগর বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রিফাত নৌকাযোগে নরসিংদী শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় একদল লোক তাকে ট্রলার থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেহেদী, সাজিদ, ইমন, হিমেল ও ফারুকসহ ১০-১২ জনের একটি দল রিফাতকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
রিফাতের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রিফাতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল-এ ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।