জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাস রুটের পুনর্নির্ধারিত ভাড়াও প্রকাশ করা হয়েছে।
এর আগে ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করলেও বিস্তারিত তালিকা না থাকায় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরবর্তীতে ২৫ এপ্রিল বিআরটিএ তাদের ওয়েবসাইটে নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে।
নতুন তালিকা অনুযায়ী, রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। একইভাবে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা। সিলেট, বরিশাল ও খুলনা রুটেও আসনভেদে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী টার্মিনাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ভাড়াও সমন্বয় করা হয়েছে। পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেখানে বাসের আসনসংখ্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন হার প্রযোজ্য।
এছাড়া মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। জ্বালানি তেলের নতুন দামের কারণে এই ভাড়া সমন্বয় করা হয়েছে। ১৮ এপ্রিল রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এলাকায় প্রতি কিলোমিটার বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলায় ভাড়া বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে বাসে ন্যূনতম ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।